`ক্যারিবীয় ক্রিকেটে পরিবর্তন চাই’
একসময়ের দুর্ধর্ষ ফাস্ট বোলার। ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করেছেন তাঁদের স্বর্ণযুগে। একসময়ে ওয়েস্ট ইন্ডিজের কোচও ছিলেন। খুব কাছ থেকে দেখেছেন দলটির অধঃপতনও। ক্যারিবীয় ক্রিকেটের একসময়ের দুরন্ত ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস মনে করেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় একটি বড় ধরনের পরিবর্তন না এলে এখানকার ক্রিকেটের উন্নয়ন দূরে থাক, একে টিকিয়ে রাখাও কষ্টকর হয়ে উঠবে।তিনি সরাসরি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান জুলিয়ান হান্ট ও প্রধান নির্বাহী আরনেস্ট হিলারির পদত্যাগ দাবি করে বলেন, এ দুজনকে আগে সরে যেতে হবে। তাহলেই অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে। রবার্টস বোর্ডের পাশাপাশি খেলোয়াড়দের সংগঠনেরও কড়া সমালোচনা করেন। তাঁর মতে, এখনকার ক্রিকেটাররা নেটে সময় কাটানোর চেয়ে জিমে ব্যায়াম করে সময় কাটাতেই বেশি পছন্দ করে।১৯৯৬ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ছিলেন। তাঁর প্রশিক্ষণে ওয়েস্ট ইন্ডিজ সেই বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদেরকে তুলে নিয়েছিল। শেন ওয়ার্নের দারুণ বোলিংয়ে সেমিতে পাঁচ রানে হেরে না গেলে ইতিহাস হয়তো অন্যকিছুই দেখত। কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের অধঃপতনের শুরুটা দেখেছেন। বোর্ডের অন্যতম প্রশাসক হিসেবে (২০০৮) দেখেছেন একটি দেশের ক্রিকেট কীভাবে খাদের কিনারায় নেমে যেতে পারে। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পেরেছেন, বর্তমান ক্রিকেট প্রশাসকেরা ক্রিকেটের কিছুই বোঝে না। তারা জানে না, একটি দেশের ক্রিকেটকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়।অ্যান্ডি রবার্টসের মতে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা নতুন প্রতিভার সন্ধান না পাওয়া। এর জন্য তাঁর মতে, বোর্ডই দায়ী। তারা জানে না কীভাবে ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দিতে হয়। তৃণমূলে ছড়িয়ে না দিতে পারলে ক্রিকেটের উন্নয়ন সম্ভব নয়।রবার্টস বলেন, গোটা ক্যারিবীয় অঞ্চলের ক্রিকেটই অরাজক অবস্থার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। তিনি কৌতুক করে বলেন, ‘এখন শুনছি, তারা ক্রিকেট নিয়ে কী যেন নতুন পরিকল্পনা ফেঁদেছে। আমি সরাসরি জানিয়ে দিতে চাই, গত ১৫ বছর ধরেই তারা নতুন নতুন পরিকল্পনা তৈরি করছে, কিন্তু তার কোনো ফলাফল নেই। তাই প্রশাসনকে ঢেলে না সাজালে, এ পরিকল্পনার পেছনেই আগামী ১৫টি বছর কেটে যাবে। ধ্বংস হয়ে যাবে ক্যারিবীয় ক্রিকেট।’ ওয়েবসাইট।